নওগাঁর মহাদেবপুরে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও স্থানীয় প্রশাসন।
অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা এবং একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অননুমোদিত ও ভেজাল সার-কীটনাশক উৎপাদনের অভিযোগে এসডি এগ্রোভেটকে ১ লাখ টাকা এবং জেড ই এগ্রোকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে জেড ই এগ্রোর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা, কৃষি উৎপাদন নিরাপদ রাখা এবং বাজারে নকল ও ভেজাল কৃষি উপকরণের উৎপাদন ও বিপণন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
