মোহাম্মদ আককাস আলী, জেলা প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলা উপজেলায় বিজিবির যৌথ অভিযানে প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা মূল্যের ১ হাজার ৮৭২টি পুরাতন বিদেশি কয়েনসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
আটকরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার মাদাইনগর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে
মো. রশিদ মিয়া (৫২) এবং ধামইরহাট বাজার এলাকার
মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া (৫০)।
বিজিবি জানায়, জয়পুরহাট-২০ বিজিবি ও পত্নীতলা-১৪ বিজিবির সদস্যরা নওগাঁর পত্নীতলা উপজেলার মাদাইনগর এলাকা ও ধামইরহাট উপজেলার ধামইরহাট বাজার থেকে দুই ব্যক্তিকে আটক করে। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে পাকিস্তানের পাঁচ পয়সার ৮৩৩টি তামার কয়েন এবং ভারতের ওয়ান কোয়ার্টার আনা মুদ্রার ৭৩৫টি কয়েন উদ্ধার করা হয়। ভারতীয় কয়েনগুলোর মধ্যে রাজার ছবিসংবলিত ৫৮৭টি ও রানির ছবিসংবলিত ১৪৮টি কয়েন রয়েছে।
এছাড়া বিভিন্ন সময়ের পুরাতন ও বিরল কয়েনসহ সর্বমোট ১ হাজার ৮৭২টি কয়েন উদ্ধার করা হয়। উদ্ধার করা কয়েনগুলোর আনুমানিক জব্দ মূল্য ২ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ১৪৩ টাকা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
