মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীতে রিং জাল বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সেলিম রেজা (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার(২০ অক্টোবর)দুপুরে নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর মাটিকাটা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা উপজেলার পশ্চিম রঘুনাথপুর (টেকঠী) গ্রামের মো.নুর বক্তের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নদীতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে সেলিম রেজার সঙ্গে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিম (২৫)-এর কথা-কাটাকাটির একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে সেলিম রেজার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো.এবাদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পোরশা থানার ওসি জিয়াউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
