নওগাঁয় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদানুযায়ী সার

স্টাফ রিপোর্টার :

নওগাঁর বিভিন্ন উপজেলায় যেমন বদলগাছী ও মহাদেবপুরে আমান ধান মৌসুমে সার সংকটের কারণে কৃষকদের ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না চাহিদানুযায়ী সার। চাহিদা অনুযায়ী সার সংগ্রহ করতে বিভিন্ন ডিলারের দোকানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়েছেন তাঁরা। এক দোকানে ইউরিয়া পাওয়া গেলেও মিলছে না ডিএপি বা এমওপি। ফলে প্রয়োজনীয় সার সংগ্রহে একাধিক দোকানে ছুটতে হচ্ছে কৃষকদের।

রোববার ও সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের শাওন ট্রেডার্স ও আলম ট্রেডার্সে সার নিতে কৃষকদের দীর্ঘ লাইন দেখা যায়। কৃষকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। এতে জমি প্রস্তুত ও ধান রোপণের গুরুত্বপূর্ণ সময়ে সময় নষ্ট হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বদলগাছীতে ১০টি বিসিআইসি ও ১৯টি বিএডিসি সার ডিলার এবং ৭২টি খুচরা সার বিক্রয়কেন্দ্র রয়েছে। চলতি বছর উপজেলায় ইউরিয়া সারের বার্ষিক চাহিদা ৬ হাজার ২৯০ টন, টিএসপি ১ হাজার ৬১৮, ডিএপি ৪ হাজার ১০০ এবং এমওপি ২ হাজার ৪৮০ টন। চলতি মাসে ইউরিয়া ৩১২, টিএসপি ১৮৮, ডিএপি ৩৩৩ ও এমওপি ২৮০ টন বরাদ্দ রয়েছে। অপরদিকে মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নে সার নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তাদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে,লাইনে নিজেদের অবস্থান ধরে রাখতে কৃষকরা জুতা রেখে ‘সিরিয়াল’ দিচ্ছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ,প্রয়োজনের তুলনায় সার সরবরাহ কম থাকায় সার সংগ্রহের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে কৃষকদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং চাষাবাদ নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

স্থানীয় কৃষি অফিস ও প্রশাসন দাবি করছে যে সারের কোনো ঘাটতি বা সংকট নেই। সাপাহার থেকে অতিরিক্ত সার এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং ডিলারদের কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন