স্টাফ রিপোর্টার :
নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে মাদক সিন্ডিকেটের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ।
অভিযানে আসামীদের কাছ থেকে আনুমানিক ১১ লক্ষ ৬১ হাজার টাকা মূল্যের ৩,৮৭০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪,৯৯,৬০০ (চার লক্ষ নিরানব্বই হাজার ছয়শত) টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার ওসি জিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পোরশা থানাধীন ০১নং নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক সহযোগী আসামী কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন— কালাইবাড়ী গ্রামের মো.মজিবুর রহমানের ছেলে মো. শাকিল (২০) এবং একই গ্রামের মো. তহুরুল ইসলামের স্ত্রী মোছা. বেবী খাতুন (৩৩)। অভিযানকালে পুলিশ আসামী তহুরুলের বসতবাড়ির শয়নঘরের খাটের নিচে মাটির গর্তে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৮৭ পাতা (৩৮৭×১০) মোট ৩,৮৭০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। একই সাথে উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদের কাছ থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ ৪,৯৯,৬০০ টাকা এবং তাদের ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই মাদক সিন্ডিকেটটি সরাসরি পাশ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধ পথে মাদক আমদানি করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। ধৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে এই সিন্ডিকেটের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সুপার জানান।