মান্দায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার :

নওগাঁর মান্দা উপজেলায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি এবং আইন বহির্ভূতভাবে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করতে তদন্তের দাবি জানিয়েছেন সাইদুর রহমান নামের এক আবেদনকারী। যোগ্যতার ভিত্তিতে ডিলার নিয়োগের দাবি জানিয়ে তিনি গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।


এদিকে সেই অভিযোগে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল।


অভিযোগকারী সাইদুর রহমান উপজেলার কয়াপাড়া এলাকার মৃত রহিমদ্দীনের ছেলে। তিনি ‘সৈকত ট্রেডার্সের’ স্বত্বাধিকারী এবং সার ডিলার হওয়ার জন্য একজন আবেদনকারী। তার লিখিত অভিযোগের অনুলিপি কৃষি মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিভাগীয় কমিশনার, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এবং মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও দেওয়া হয়েছে।



লিখিত অভিযোগপত্র সূত্রে জানা যায়, মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে সার ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১০ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক আবেদন জমা পড়ে। কিন্তু মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন ও কতিপয় বিএনপি নেতার যোগসাজশে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে কিছু রাজনৈতিক ব্যক্তির প্রভাব ও সুপারিশের কারণে অনিয়ম হলে ক্ষোভ তৈরি হতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ কারণে নিয়োগ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন