নওগাঁয় বায়ুদূষণবিরোধী অভিযানে দুই ভবন কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা


মোহাম্মদ আককাস আলী :


নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কাজীর মোড় থেকে ডিবি অফিস সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।


অভিযানকালে নির্মাণসামগ্রী হিসেবে ইট ও বালি রাস্তায় ফেলে রাখা, যথাযথভাবে ঢেকে না রাখা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে ভবন নির্মাণের বিষয়টি পাওয়া যায়। এসব অভিযোগে দুটি নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। পরে মামলাগুলোতে মোট ২৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।


এ সময় আশপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।


মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল।


পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন।


একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement